শ্রী রামকৃষ্ণ রায়, ভ্রাম্যমান, প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন। 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে ছকিনা বেগম (৭০) নামের এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার সংলগ্ন একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত ছকিনা বেগম গছিডাঙ্গা গ্রামের মৃত আব্দুস ছাত্তারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানা গেছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে পরিবারের সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান ছকিনা বেগম। এরপর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি। দুপুর আনুমানিক ১২টার দিকে পাটেশ্বরী বাজার সংলগ্ন একটি ডোবায় এক বৃদ্ধার লাশ ভাসতে দেখে স্থানীয় এক যুবক জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল দেন।খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় স্থানীয় বাসিন্দা বাবলু মিয়া ডোবায় ভাসমান লাশটি দেখে চিৎকার করে কেঁদে ওঠেন এবং লাশটি তাঁর নিখোঁজ মায়ের বলে শনাক্ত করেন। পরে পুলিশের উপস্থিতিতে ডোবা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত বৃদ্ধা গত ৪/৫ বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।