শ্রীরামকৃষ্ণ রায়,ভ্রাম্যমান প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে ১৭ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার দুর্গম চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে একটি দল ইসলামপুর চরে অভিযান চালায়। এসময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন ও এএসআই জাহেদুল ইসলাম। অভিযানের সময় কৃষক পরিচয়ে মাদক ও জুয়া কারবারে জড়িত মোঃ বাদশা মিয়া (৫০), পিতা: মৃত তালেব উদ্দিন, সাং: ইসলামপুর এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় বাড়ির আঙ্গিনায় লাগানো ১৭ ফুট উচ্চতার একটি বিশাল গাঁজা গাছ দেখতে পায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বাদশা মিয়া গাছটি কেটে পাশের নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশের তৎপরতায় কাটা অবস্থায় গাছটি উদ্ধার করা সম্ভব হয়। এসময় কৌশলে অভিযুক্ত বাদশা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে অবস্থানরত তার ছেলে ফারুক মিয়া (২০) কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ওসি মোঃ আজিম উদ্দিন বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। দুর্গম চরাঞ্চলে অবস্থান করেও মাদক কারবারিরা পার পাবে না। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে, তাদের কোন ছাড় দেওয়া হবে না।
