সালমান আহম্মদ: স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ পুলিশের সদস্য কামরুল ইসলাম রাকিব (রাকিব) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নিহত রাকিব কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা এ কে এম আনিছুর রহমান একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও বীর মুক্তিযোদ্ধা। বর্তমানে তিনি কেন্দুয়া পৌরসভার শান্তিনগর এলাকায় বসবাস করতেন। রাকিব বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন এবং কিশোরগঞ্জে দায়িত্ব পালন করছিলেন।পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (২১ সেপ্টেম্বর) কর্মস্থল কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের রায়পুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হলে প্রথমে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।রাকিবের অকাল মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
