বিশেষ প্রতিনিধি: নুরে আলম, সময়ের সাথে প্রতিদিন।

জামালপুর প্রতিনিধি: দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত মেইট হিসেবে দায়িত্ব পালন করা রেলওয়ের কর্মচারীদের প্রশাসনিক জটিলতা নিরসন করে স্থায়ী মেইট পদে দ্রুত পদায়নের দাবিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ময়মনসিংহ ও জামালপুর উপবিভাগের ভারপ্রাপ্ত মেইটরা।বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এবং ডিইএন/১-এর সঙ্গে সাক্ষাৎ করে তারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত মেইট হিসেবে দায়িত্ব পালন করেও স্থায়ী পদে পদায়ন না হওয়ায় সৃষ্ট প্রশাসনিক জটিলতার বিষয়টি কর্মকর্তাদের অবহিত করেন তারা।এর আগে গত ৮ আগস্ট ভারপ্রাপ্ত মেইটদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, তারা দীর্ঘদিন ধরে সহকারী নির্বাহী প্রকৌশলী/জামালপুরের অধীনে ভারপ্রাপ্ত মেইট পদে দায়িত্ব পালন করে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তবে প্রশাসনিক জটিলতার কারণে তাদের স্থায়ী মেইট পদে পদায়ন করা হচ্ছে না স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করার পরও পদায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। তাদের দাবি, রেলওয়ের প্রচলিত নিয়ম ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে দীর্ঘদিনের ভারপ্রাপ্ত মেইটদের স্থায়ী মেইট পদে দ্রুত পদায়নের ব্যবস্থা করা হোক।এ সময় ভারপ্রাপ্ত মেইটরা জানান, তারা দীর্ঘদিন ধরে রেলপথের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তাদের দাবি দ্রুত বাস্তবায়ন করা হলে একদিকে কর্মীদের মধ্যে স্বস্তি ফিরবে, অন্যদিকে প্রশাসনিক জটিলতারও অবসান হবে।সাক্ষাৎকালে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তাদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।উল্লেখ্য, স্মারকলিপিতে জামালপুর উপবিভাগের একাধিক ভারপ্রাপ্ত মেইট স্বাক্ষর করেন।