সালমান আহম্মদ : স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন। 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের দুই নারীসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।গ্রেপ্তার দুই নারী হলেন কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ গ্রামের মৃত ফারুক মিয়ার মেয়ে প্রিয়া আক্তার (২৪) ও লিপা আক্তার (১৯)। অপর দুইজন হলেন পলাশ মাহমুদ (৩৬) ও মো. সজীব মিয়া (২৮)।পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতী এলাকায় স্থাপিত পুলিশ চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামানো হয়। পরে গাড়ির বাম পাশের পেছনের চাকার ওপরের বডির ভেতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।অভিযানের নেতৃত্বদানকারী লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবার বড় একটি চালান উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কক্সবাজার থেকে ঢাকায় মাদক পাচারের উদ্দেশ্যে চালানটি নেওয়া হচ্ছিল।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য সিন্ডিকেটের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।