আব্দুল মতিন (মুকুল), ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি। সময়ের সাথে প্রতিদিন। তারিখঃ ৩ আগস্ট, ২০২৬ইং। 

“মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন”—এই দৃঢ় অঙ্গীকার ও স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নং তিলাই ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিশাল এক মাদকবিরোধী মানববন্ধন। আজ সোমবার ইউনিয়নের জনগণের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত শত শত মানুষ মাদকের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করেন। ইউনিয়নের আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সচেতন নাগরিক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ব্যানার হাতে নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে সকলের মুখে একটিই সুর প্রতিধ্বনিত হয়—“কথা আমাদের একটাই, মাদকের ঠাঁই নাই।”

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক বর্তমান তরুণ সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এবং ধ্বংস করে দিচ্ছে বহু পরিবার। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে কেবল প্রশাসন নয়, সর্বস্তরের জনগণকে এক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের জোগান বন্ধ এবং মাদক কারবারিদের সামাজিক ও সামাজিকভাবে বয়কট করার জোর দাবি জানান তারা।

অনুষ্ঠানটির উদ্যোক্তারা জানান, আজকের এই সফল মানববন্ধন ইউনিয়নের প্রতিটি পরিবারে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করবে। তিলাই ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত এ ধরনের সামাজিক আন্দোলন ও প্রতিরোধ অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ ঘোষণা দেন।