ইমরান হোসেন :নেত্রকোনা জেলা প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অসুস্থ হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মৃত চিকিৎসকের নাম ডা. মো. মমিনুল ইসলাম (৪৭)। তিনি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন।শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে হাসপাতালের হলরুমে আয়োজিত আলোচনা সভা চলাকালে ডা. মো. মমিনুল ইসলাম হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। পরে তিনি হলরুম ত্যাগ করে নিচে নামার সময় মাথা ঘুরে পড়ে যান।তাৎক্ষণিকভাবে তাঁকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি হৃদ্রোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মারা যান।মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অলকান্তি তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ডা. মো. মমিনুল ইসলামের মৃত্যু হয়।
