শ্রীরামকৃষ্ণ রায়, ভ্রাম্যমাণ প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ ও গাঁজা সেবনের সরঞ্জামসহ কুখ্যাত মাদক কারবারি মোঃ মনজু আলম (৫৫) কে আটক করা হয়েছে। আজ ২৮ জুলাই ২০২৬, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মনজু আলমের পিতা মৃত নজির উদ্দিন। তার স্থায়ী ঠিকানা ছনবান্দা খলিশাকুড়ি, ০২ নং ওয়ার্ড, বলদিয়া ইউনিয়ন, ভূরুঙ্গামারী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়িতে যৌথ অভিযান চালায় ভূরুঙ্গামারী থানা পুলিশ ও বিজিবি। এসময় মনজু আলমের বাড়ির আঙিনায় রোপণ করা আনুমানিক ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ এবং গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি মনজু আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার পালানো ঠেকাতে গেলে স্থানীয় দুই যুবকের হাতে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে সে। পরে পুলিশ ও বিজিবির তৎপরতায় তাকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। যৌথ অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন এবং সোনাহাট বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ ফরিদুল ইসলাম খান। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে বিজিবির সাথে সমন্বয় করে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করা হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।" আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
