মোঃ আব্দুল মতিন (মুকুল), ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।
মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধের সমাধান—একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসী”—এই স্লোগানকে বুকে ধারণ করে আ২৮-০৭-২০২৬ইং তারিখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক বিশাল মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সোনাহাট ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে একাত্মতা প্রকাশ করে ঢল নেমেছিল সর্বস্তরের মানুষের। সমাবেশটি কেবল একটি সামাজিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকেনি, রূপ নিয়েছিল মাদকের বিরুদ্ধে গণজাগরণে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী এবং সাধারণ মানুষ হাতে হাত রেখে মাদকের ভয়াল থাবার বিরুদ্ধে দৃঢ় অবস্থান জানান দেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দেন। তিনি বলেন, "মাদকের বিষাক্ত ছোবল থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের সঙ্গে যুক্ত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে একবিন্দু ছাড় দেওয়া হবে না।” বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার শপথবাক্য পাঠ করান। কুড়িগ্রাম জেলা আমীর জনাব আজিজুর রহমান স্বপন সরকার এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন তাঁদের বক্তব্যে বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য প্রয়োজন জোরালো সামাজিক প্রতিরোধ। ওসি আজিম উদ্দিন আশ্বাস দেন যে, মাদক কারবারি ও সেবনকারীদের বরদাশত করা হবে না এবং পুলিশ প্রশাসন যেকোনো তথ্যে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। সমাবেশের সবচেয়ে আকর্ষণীয় ও আশাব্যঞ্জক দিক ছিল সোনাহাট ইউনিয়নের যুবসমাজের দৃঢ় অঙ্গীকার। যুবসমাজের প্রতিনিধিরা একযোগে ঘোষণা দেন— "মাদকের বিরুদ্ধে আমরা যুবসমাজ সম্পূর্ণ প্রস্তুত আছি। যেকোনো সময়, যেকোনো জায়গায় আমাদের টিম চলে যাবে মাদক দমন করতে। সোনাহাট থেকে মাদক সমূলে উৎপাটন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না। শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মাদকমুক্ত সোনাহাট ইউনিয়ন গড়ে তোলার দৃপ্ত শপথের মধ্য দিয়ে শেষ হয় এই প্রতিবাদ সমাবেশ।
