শ্রীরামকৃষ্ণ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন। 

কুড়িগ্রামে বাণিজ্য মেলাকে কেন্দ্র করে বাস ভাঙচুর ও পরিবহন শ্রমিকদের মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সিদ্রাত হোসেন সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত সিদ্রাত হোসেন সৌরভ কুড়িগ্রাম জেলা শহরের একতাপাড়া ব্রিজপাড় এলাকার মো. আব্দুস সোবাহানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় সিদ্রাত হোসেন সৌরভকে প্রধান আসামি করে মানিক মিয়া, ইদুল মিয়া, লাদেন মিয়া, রুবেল মিয়া, সাজু মিয়া, রুমান খান ও রুহানসহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, "ইতিমধ্যে আমরা প্রধান আসামিকে গ্রেফতার করেছি। অপরাধী যেই হোক, বাকি আসামিদের খুঁজে বের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।" উল্লেখ্য, এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাতে বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে শাপলা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বাস শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, বাণিজ্য মেলা থেকে বের হওয়া কয়েকজন যুবক ‘মা নাদিয়া পরিবহন’ নামের একটি বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায় এবং পরে চালক, সুপারভাইজার ও হেলপারকে মারধর করে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও মেলা বন্ধের দাবি জানান তারা। পরে পুলিশের আশ্বাসে রাত ১১টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।