নেত্রকোণা প্রতিনিধি: মহিউদ্দিন, তালুকদার, সময়ের সাথে প্রতিদিন। 

​নেত্রকোণা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ৭৫টি কম্বল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ​পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে নেত্রকোণা মডেল থানার এস.আই মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার পূর্ব বাংলা শান্তি ফিলিং স্টেশনের পাশের সড়কে অভিযান চালায়। এ সময় সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের দুর্গাশ্রম এলাকা থেকে ২৫টি প্লাস্টিকের বস্তায় থাকা মোট ৭৫টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। ​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,​সোলাইমান আহাম্মদ (২৩): সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কাশেম মিয়ার ছেলে। ​সানি (১৯): একই উপজেলার রুহী নয়াপাড়া ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। ​পুলিশ আরও জানায়, জব্দকৃত ২৫টি বস্তার প্রতিটিতে তিনটি করে WOOLSPUN Creta Super Soft Mink Blanket ব্র্যান্ডের বিভিন্ন রঙের কম্বল ছিল। প্রতিটি কম্বলের আনুমানিক মূল্য ২ হাজার টাকা হিসেবে মোট জব্দকৃত কম্বলের মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। ​ঘটনাটি নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা কম্বলগুলো বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল। ​এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(বি) ধারায় মামলা রুজু করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।