সময়ের সাথে প্রতিদিন। 

জামালপুর রেলওয়ে স্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেনে ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কর্তব্যরত টিজি পুলিশ ট্রেনের একটি বগি থেকে কালো রঙের একটি ব্যাগ উদ্ধার করে।পরে ৯৯৯-এর মাধ্যমে ব্যাগটির মালিক হিসেবে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার খাঘড়া গ্রামের মো. জাকারিয়া (২৯), পিতা মো. মোকলেছ উদ্দিন-এর পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে তিনি জামালপুর রেলওয়ে থানায় এসে ব্যাগটি নিজের বলে শনাক্ত করেন।জিজ্ঞাসাবাদে মো. জাকারিয়া জানান, অসাবধানতাবশত ব্যাগটি ট্রেনে রেখেই তিনি গফরগাঁও স্টেশনে নেমে যান। উদ্ধারকৃত ব্যাগে ৩ হাজার ৪১৮ টাকা নগদ অর্থ এবং কিছু কাপড় ছিল।জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, যাত্রীদের নিরাপত্তা ও হারানো মালামাল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া রেলওয়ে পুলিশের দায়িত্বের অংশ। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ব্যাগটি মালিকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার এএসআই সাইফুল ইসলাম বলেন, যাত্রীরা ট্রেনে ভ্রমণের সময় নিজেদের মূল্যবান সামগ্রী সম্পর্কে সতর্ক থাকলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।রেলওয়ে পুলিশ যাত্রীদের ভ্রমণের সময় মূল্যবান মালামাল নিজের হেফাজতে রাখার পাশাপাশি কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ৯৯৯ বা নিকটস্থ রেলওয়ে পুলিশকে অবহিত করার আহ্বান জানিয়েছে।