সালমান আহম্মদ: স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। পরে বুধবার বিকেল ৩টার দিকে ডিএনসির সহকারী পরিচালক মো. নাজমুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে বিশেষ রেইডিং টিম আশেকানে হাওলাপুরী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মরিয়ম বেগমকে আটক করে। এ সময় স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেট থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এছাড়া একটি আইটেল বাটন মোবাইল ফোন ও মাদক বিক্রির ৩ হাজার টাকা নগদ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ ১ হাজার ৫০০ টাকা।আটক মরিয়ম বেগম কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বাসিন্দা এবং জুয়েল মিয়ার স্ত্রী।এ ঘটনায় পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।ডিএনসির সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে জনসাধারণকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
