শ্রীরামকৃষ্ণ রায়,ভ্রাম্যমান প্রতিনিধি, সময়ের সাথে প্রতিদিন | বুধবার, ১৬ জুলাই ২০২৬

 কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করে ইয়াবা ব্যবসা চালানোর অভিযোগে দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫১ পিস ইয়াবাসহ মাদক পরিবহন ও নজরদারিতে ব্যবহৃত বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে।

 সোমবার গভীর রাতে নাগেশ্বরী পৌরসভার বিদ্যুৎপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা-হিল-জামান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন ১. জালাল হোসেন জয় (৩৬), পিতা- আকবর আলী, বিদ্যুৎপাড়া, পশ্চিম নাগেশ্বরী। তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার হয়। ২. আল মামুন শুভ (৩০), পিতা- জাহানুর আলম, চামটারপাড়। তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার হয়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জব্দকৃত মালামাল অভিযানে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে মোট ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ১২৫ সিসির একটি ডিসকভার ও ১৫০ সিসির একটি ইয়ামাহা এফজেড-এস মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয় একটি এইচপি এলিটবুক ল্যাপটপ, হাইভিশন ব্র্যান্ডের দুটি ও ক্যামটেক ব্র্যান্ডের দুটি সহ মোট চারটি সিসিটিভি ক্যামেরা, একটি হাইভিশন ডিভিআর, একটি ৪৩ ইঞ্চি মনিটর এবং দুটি মোবাইল ফোন। পুলিশের বক্তব্য নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা-হিল-জামান বলেন, “অভিযুক্তরা বাড়ির চারপাশে সিসিটিভি বসিয়ে পুলিশের অবস্থান পর্যবেক্ষণ করত। পুলিশ নেই নিশ্চিত হয়েই তারা মাদক কেনাবেচা ও পরিবহন করত। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”