শ্রীরামকৃষ্ণ রায়, ভ্রাম্যমাণ প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, গ্রীষ্মকালীন সবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে সবজি বীজ, সার, গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার, ১৩ জুলাই দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল ও উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন। যা বিতরণ করা হয়েছে: উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় ৪১০ জন কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে ২,০৫০টি ফলজ ও বনজ চারা দেওয়া হয়েছে। প্রত্যেকে ৫টি করে চারা, জৈব সার ও বাঁশের খুঁটি পেয়েছেন। এ ছাড়া ১ হাজার কৃষকের মাঝে ৭ প্রকার সবজির বীজ- লাউ, কলমি শাক, চাল কুমড়া, বেগুন, পুঁইশাক, মিষ্টি কুমড়া ও শসা বিতরণ করা হয়। একইসঙ্গে প্রত্যেক কৃষককে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। কর্মকর্তাদের বক্তব্য: উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, "কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার নিয়মিতভাবে কৃষি প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। পাশাপাশি বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকারের অংশ হিসেবে এ গাছের চারা ও বাঁশের খুঁটি বিতরণ করা হচ্ছে।" প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, "প্রাপ্ত উপকরণ সঠিকভাবে ব্যবহার করে কৃষকরা যেন অধিক ফলন নিশ্চিত করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানাই।" অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের হাতে প্রণোদনার গাছের চারা ও সবজি বীজ তুলে দেন অতিথিরা।
