শ্রীরামকৃষ্ণ রায়  ভ্রাম্যমাণ প্রতিনিধি, ভূরুংগামারী, সময়ের সাথে প্রতিদিন। 

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, সোমবার | দুপুর ২:০০  ভূরুংগামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুংগামারীতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সরকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।ভূরুংগামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় বামনের কুঠি গ্রামের নুর নবী (৩৫), পিতা সাইফুর রহমান (৬৫) এর বসতবাড়ি থেকে মজুদকৃত ৪২টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য আনুমানিক ৩ হাজার মিটার বা প্রায় ৩ কিলোমিটার। তবে অভিযানের সময় অভিযুক্ত নুর নবী বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, জব্দকৃত এসব নিষিদ্ধ জাল পরবর্তীতে বিধি মোতাবেক ধ্বংস করা হবে।চায়না দুয়ারি কেন নিষিদ্ধ?  এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "চায়না দুয়ারি বা ম্যাজিক জাল মূলত মাছ ধরার ফাঁদ হিসেবে ব্যবহৃত একটি অত্যন্ত ক্ষতিকর জাল। এই জালে ছোট-বড় যেকোনো জলজ প্রাণী একবার ঢুকলে আর বের হতে পারে না। এর ফলে দেশীয় প্রজাতির মাছসহ জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ধ্বংস হচ্ছে।তিনি আরও জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী বাংলাদেশে এই জালের উৎপাদন, আমদানি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। দেশীয় জীববৈচিত্র্য রক্ষার্থে এ ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, চায়না দুয়ারি জাল মাছের ডিম ও পোনাসহ সব ধরনের জলজ প্রাণী নিধন করে। ফলে নদ-নদী ও জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। এ কারণে মৎস্য অধিদপ্তর ও প্রশাসন নিয়মিতভাবে এর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।