শ্রীরামকৃষ্ণ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, সময়ের সাথে প্রতিদিন।
কুড়িগ্রামে বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামে অনির্দিষ্টকালের পূর্ণ ধর্মঘট ও কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) সকাল থেকে কুড়িগ্রাম প্রধান ডাকঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ ব্যানারে এ কর্মসূচি চলছে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দুই দফা দাবি আন্দোলনকারীদের প্রধান দুটি দাবি হলো: ১. বেতন-ভাতা বৃদ্ধি: বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ইডি কর্মচারীদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি করা। ২. সরকারি স্বীকৃতি: শাখা ডাকঘরের সকল ইডি কর্মচারীকে সরকারি বা বিভাগীয় কর্মচারী হিসেবে পূর্ণ স্বীকৃতি প্রদান।
বক্তব্য সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইডি কর্মচারীরা নামমাত্র সম্মানীতে প্রত্যন্ত অঞ্চলে ডাক ও আর্থিক সেবা দিয়ে আসছেন। বর্তমানে তারা দৈনিক গড়ে মাত্র ১৫০ টাকা, অর্থাৎ মাসে ৪ থেকে ৫ হাজার টাকা ভাতা পান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই আয়ে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়নি।
নেতৃবৃন্দ জানান, সারাদেশে প্রায় ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরে কর্মরত ২৩ হাজারের বেশি ইডি কর্মচারী একযোগে এই আন্দোলনে শামিল হয়েছেন। দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে দাবি বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে। স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর দুই দফা দাবি বাস্তবায়নের জন্য স্মারকলিপি জমা দিয়েছেন।
