নিজস্ব প্রতিবেদক, সময়ের সাথে প্রতিদিন
জামালপুরে ড্রেন বন্ধ থাকায় রেলওয়ের কার্যালয় ও সড়ক পানিতে তলিয়ে দুর্ভোগ জামালপুরে একটি স্কুলের সংস্কারকাজ চলাকালে ড্রেন বন্ধ করে দেওয়ার অভিযোগে রেলওয়ের বিভিন্ন স্থাপনায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয়, সরকারি বাংলো এবং চলাচলের সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সংস্কারকাজের সময় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ড্রেনের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে দেওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশন ব্যাহত হয়। ফলে জমে থাকা পানিতে রেলওয়ের কার্যালয়, সরকারি বাংলো এবং আশপাশের সড়ক তলিয়ে যায়। এতে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারী ও এলাকাবাসীকে নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, ড্রেনটি দ্রুত সচল করা না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তারা বিষয়টি তদন্ত করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
