সালমান আহম্মদ, স্টাফ রিপোর্টার, সময়ের সাথে প্রতিদিন।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১০ নম্বর মুজাফরপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক হারুলিয়া পুরাতন জামে মসজিদে সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনার সাত বছর পেরিয়ে গেলেও চুরি হওয়া মূল্যবান ঐতিহাসিক নিদর্শন উদ্ধার কিংবা ঘটনার রহস্য উদঘাটনে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, মুঘল আমলে প্রতিষ্ঠিত প্রায় ৮২৪ বছরের পুরোনো এই ঐতিহাসিক মসজিদ থেকে চুরি হওয়া মূল্যবান ঐতিহাসিক পাথরটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘ সাত বছর অতিবাহিত হলেও সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ এলাকাবাসীর।
চুরির ঘটনার দীর্ঘ সাত বছর পরও বিচার ও নিদর্শন উদ্ধারের দাবিতে এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ৩১ আগস্ট হারুলিয়া পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন থেকে দ্রুত তদন্ত শেষ করে চুরি হওয়া ঐতিহাসিক নিদর্শন উদ্ধার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হারুলিয়া পুরাতন জামে মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়; এটি শতাব্দীপ্রাচীন ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। তাই এর নিরাপত্তা নিশ্চিত করা, চুরি হওয়া ঐতিহাসিক সম্পদ উদ্ধার এবং যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন ও দাবি জানানো হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সরকারি সহযোগিতা বা কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। ফলে ঐতিহাসিক এই মসজিদের নিরাপত্তা, সংরক্ষণ এবং চুরি হওয়া নিদর্শন উদ্ধারের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
