রিপোর্টার : মহিউদ্দিন তালুকদার, সময়ের সাথে প্রতিদিন।
অপরাধীদের অবস্থান শনাক্তে আধুনিক তথ্যপ্রযুক্তির সফল ব্যবহার করে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। আলোচিত একটি চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি চোরাই গরু।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে নেত্রকোনা মডেল থানায় চুরির ঘটনায় দণ্ডবিধির ৩৮০/৪৫৭ ধারায় একটি মামলা (মামলা নং-২৭) দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামিদের শনাক্ত ও গ্রেফতারে মাঠে নামে পুলিশের একটি চৌকস দল। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শেরপুর জেলায় শনাক্ত করা হয়।পরে নেত্রকোনা মডেল থানার একটি বিশেষ টিম শেরপুরে অভিযান পরিচালনা করে চোর চক্রের তিন সদস্য—মো. শাহ আলম ওরফে আলম (৩৯), মো. সামিউল (৩৭) এবং আশরাফ আলীকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গরুটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনায় নেত্রকোনা মডেল থানার পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বেড়েছে। এ ধরনের দ্রুত ও সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে।এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহারের ফলে অপরাধী শনাক্ত করা এখন অনেক সহজ হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিটি অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ দমনে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।নেত্রকোনা মডেল থানার এই সফল অভিযান ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
