সালমান আহম্মদ স্টাফ রিপোর্টার:সময়ের সাথে প্রতিদিন। 

 মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে আমরা কেন্দুয়া’ তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে উদযাপন করেছে। মানবিক মূল্যবোধ, ভালোবাসা ও স্বেচ্ছাসেবার চেতনায় আয়োজিত এ অনুষ্ঠানে এক ছাদের নিচে মিলিত হন সংগঠনের স্বেচ্ছাসেবী, রক্তদাতা সদস্য, অ্যাডমিন, মডারেটর, শুভাকাঙ্ক্ষী, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা।রবিবার (২৮ জুন) সকাল ১১টায় কেন্দুয়া খেলার মাঠ সংলগ্ন হাংরি টাইম রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আয়োজনে স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত উপস্থিতি পুরো অনুষ্ঠানকে উৎসবের আবহে রূপ দেয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।বক্তারা বলেন, একজন মুমূর্ষু রোগীর প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান শুধু একটি মানবিক কাজ নয়, এটি একজন মানুষের জীবন বাঁচানোর সর্বোচ্চ নিঃস্বার্থ উপহার। এই মানবিক উদ্যোগই সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন তুলে ধরে জানানো হয়, গত এক বছরে সংগঠনটি ৬৯৭ ব্যাগ রক্ত সংগ্রহ করে রোগীদের কাছে পৌঁছে দিয়েছে। এছাড়া ৭৫০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।অন্যদিকে, প্রতিষ্ঠার পর থেকে গত ৬ বছরে সংগঠনটি ৬ হাজার ৪০৪ ব্যাগ রক্ত সংগ্রহ করে অসংখ্য রোগীর জীবন বাঁচাতে ভূমিকা রেখেছে। একই সঙ্গে ১১ ব্যাগ প্লাজমা ডোনেশন এবং প্রায় ১৬ হাজার ৭৫০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা সম্পন্ন করেছে, যা এলাকায় মানবিক সেবার এক অনন্য দৃষ্টান্ত।অনুষ্ঠানের শেষাংশে সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে বক্তারা বলেন, মানুষ চিরদিন পৃথিবীতে থাকে না, কিন্তু মানবতার জন্য করা ভালো কাজ মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে। নতুন প্রজন্মকে রক্তদান ও মানবিক সেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা