সালমান আহম্মদ স্টাফ রিপোর্টার:সময়ের সাথে প্রতিদিন 

নেত্রকোণার কেন্দুয়ায় টানা কয়েকদিনের তীব্র লোডশেডিং এবং আর্জেন্টিনা বনাম জর্ডানের বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে ক্ষুব্ধ গ্রাহকদের একাংশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়ায় অবস্থিত কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে এ ঘটনা ঘটে।সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস ভবনের কয়েকটি জানালার গ্লাস ভাঙা অবস্থায় রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান লোডশেডিং এবং খেলা চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে একদল গ্রাহক অফিসে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে তারা অফিসের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান।ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।