শ্রীরামকৃষ্ণ রায় ভ্রাম্যমান প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন। 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাদের অভিযোগ, হাতেগোনা কিছু মাদক কারবারির কারণে ইউনিয়নে মাদকের ভয়াবহ ছোবল বাড়ছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে তরুণ প্রজন্ম।  বৃহস্পতিবার, ২৫ জুন দুপুরে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজারের হাইস্কুল মোড়ে এই কর্মসূচি পালিত হয়। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে আয়োজিত মানববন্ধনে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।  চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ জালালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুল হক, ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব লুৎফর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, ইউনিয়ন যুবদলের সভাপতি মাঈদুল ইসলাম লাভলু ও কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান।  বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও গোটা সমাজকে ধ্বংস করে দেয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ব্যবসা ও সেবন বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। “মাদক না ছাড়লে, কাউকে ছাড় দেওয়া হবে না— বলেন তারা।  একই সঙ্গে তরুণদের রক্ষায় প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। মাদকের বিরুদ্ধে স্থানীয় জনগণকে সচেতন ও সংগঠিত হওয়ার তাগিদও দেন তারা।