সালমান আহম্মদ: স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা বাজারে অভিযান চালিয়ে উদ্ধার করা ৫টি চোরাই গরুর মধ্যে ৩টি গরু তাদের প্রকৃত মালিকের কাছে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করেছে কেন্দুয়া থানা পুলিশ। তবে এখনো উদ্ধারকৃত বাকি ২টি গরুর প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি।পুলিশ সূত্রে জানা যায়, গত তিন দিন আগে কেন্দুয়া থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে মাসকা বাজার থেকে সন্দেহভাজন চোরাই ৫টি গরু জব্দ করে এবং সেগুলো থানায় নিয়ে আসে।পরবর্তীতে পুলিশের সার্বিক তদন্ত ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৩টি গরুর প্রকৃত মালিক শনাক্ত করা হয়। বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গরুগুলো তাদের মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।অপরদিকে, অবশিষ্ট ২টি গরুর মালিক এখনো শনাক্ত না হওয়ায় গরু দুটি কেন্দুয়া থানা হেফাজতে নিরাপদে রাখা হয়েছে।কেন্দুয়া উপজেলা ও আশেপাশের এলাকার যেসব খামারি বা সাধারণ মানুষের সম্প্রতি গরু চুরি কিংবা হারিয়ে গেছে, তাদেরকে উপযুক্ত প্রমাণপত্রসহ দ্রুত কেন্দুয়া থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে, এই বিষয়ে তথ্য প্রদান করলে প্রকৃত মালিক শনাক্ত করে আইনানুগ প্রক্রিয়ায় গরু হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কেন্দুয়া থানা পুলিশ।