সালমান আহম্মদ, স্টাফ রিপোর্টার: সময়ের সাথে প্রতিদিন। 

 নেত্রকোনা কেন্দুয়ায় ১৭ জুন, বুধববার বলাইশিমুল-ছবিলা ব্রিজ সংলগ্ন রাস্তার উন্নয়ন কাজে নিম্নমানের ব্লক ব্যবহার করার অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তার নির্মাণকাজে নিম্নমানের ব্লক ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ পরিচালনা করছে। এতে রাস্তার স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, এভাবে নিম্নমানের কাজ সম্পন্ন হলে অল্প সময়ের মধ্যেই রাস্তা ক্ষতিগ্রস্ত হবে এবং সরকারের উন্নয়ন বাজেটের অর্থ অপচয় হবে।এলাকাবাসী বলেন, জনগণের করের টাকায় পরিচালিত উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের কাজ মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে নিম্নমানের ব্লক দিয়ে চলমান কাজ বন্ধ, নির্মাণসামগ্রীর গুণগত মান পরীক্ষা এবং উন্নতমানের ব্লক ব্যবহার করে টেকসই ও দীর্ঘস্থায়ী রাস্তা নির্মাণের জোর দাবি জানান।মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসন, প্রকৌশল বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনস্বার্থে সঠিক মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন করার আহ্বান জানান।মানববন্ধনে এলাকার সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, যুবসমাজ ও সচেতন মহল অংশগ্রহণ করেন। তারা বলেন, জনগণের দাবি উপেক্ষা করে নিম্নমানের কাজ চালিয়ে গেলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।