শ্রী রামকৃষ্ণ রায় ভ্রাম্যমান প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন টিভি কুড়িগ্রাম, ১৬ জুন ২০২৬:

 কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখায় গত দুই দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন সুমি আক্তার ও বেলাল হোসেন দম্পতি। সঙ্গে রয়েছে তাদের দুই শিশুসন্তানসহ ছয় সদস্যের পরিবার।স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের চেষ্টা এবং বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের কারণে পরিবারটি সীমান্তের সরু ভূখণ্ডেই আটকা পড়েছে। দুই দেশের সীমান্তের মাঝের এই শূন্যরেখা থেকে তারা না পারছেন সামনে এগোতে, না পারছেন পেছনে ফিরতে।পরিবারটির সদস্যরা জানান, তাদের মাথার ওপর কোনো ছাউনি নেই। নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকটে রয়েছেন তারা। বিশেষ করে শিশু দুটির স্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগে আছেন মা সুমি আক্তার।বিজিবির রৌমারী ক্যাম্পের একটি সূত্র জানিয়েছে, বিএসএফ কয়েক দফা এই পরিবারটিকে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। তবে বিজিবি ও স্থানীয় জনতার প্রতিরোধের মুখে তারা সফল হয়নি। বর্তমানে শূন্যরেখায় কাঁটাতারের বেড়ার কাছেই অবস্থান করছে পরিবারটি।স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম বলেন, মানুষগুলো খুব কষ্টে আছে। রোদ-বৃষ্টিতে ভিজছে। বাচ্চাগুলোর কান্না থামানো যাচ্ছে না। আমরা মানবিক দিক বিবেচনা করে কিছু শুকনো খাবার দিয়েছি, কিন্তু এভাবে কতদিন চলবে? দুই দিন ধরে অনিশ্চয়তার মধ্যে আটকে থাকা এই পরিবারটির প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ আর অপেক্ষায়। নিরাপদ আশ্রয় ও ভবিষ্যতের কোনো নিশ্চয়তা ছাড়া শূন্যরেখার এই সরু ভূখণ্ডই এখন তাদের একমাত্র ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি