সালমান আহম্মদ স্টাফ রিপোর্টার:সময়ের সাথে প্রতিদিন 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষে জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।শুক্রবার (৫ জুন ২০২৬) দুপুরে উপজেলার গন্ডা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশুর মধ্যে খেলাধুলা নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটলে তা নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে জামাল মিয়া গুরুতর আহত হন।পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।