স্টাফ রিপোর্টার সালমান আহম্মদ : সময়ের সাথে প্রতিদিন।
ঈদুল আজহার ছুটি শেষে ঘরমুখো ও কর্মস্থলমুখী যাত্রীদের ভোগান্তি কমাতে নেত্রকোণার কেন্দুয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই সিএনজি চালককে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।বুধবার (৩ জুন) দুপুর ১২টার দিকে কেন্দুয়া সদর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে গণপরিবহনের ভাড়া মনিটরিং করা হয় এবং যাত্রীদের অভিযোগ তাৎক্ষণিকভাবে যাচাই করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।উপজেলা প্রশাসন জানায়, ঈদের সময় সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, হয়রানি ও পরিবহন খাতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
