শ্রীরামকৃষ্ণ রায় ভ্রাম্যমান প্রতিনিধি (কুড়িগ্রাম) সময়ের সাথে প্রতিদিন টিভি
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নামে এক সুপারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার, ৩ জুন সকাল সাড়ে ৯টার দিকে রাজারহাটের ছিনাই ইউনিয়নের রামরতন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী দ্রুতগতির একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আইয়ুব আলী মারা যান। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে। পেশায় সুপারি ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত আরও দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতিতে বালুবাহী ট্রাক চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
