শ্রী রামকৃষ্ণ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি কুড়িগ্রাম ।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত যাত্রী ভাড়া নেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে দূরপাল্লার বাস দিয়ে সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকেরা।আজ ৩০ মে ২০২৬ খ্রি. বিকেল প্রায় ৫টা ১৫ মিনিটে ভূরুঙ্গামারী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে এই সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বিভিন্ন বাসে সরকারি মূল্যের চেয়ে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান চলাকালীন অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় ‘অনিন্দ্য পরিবহন এবং ‘কর্ণফুলি পরিবহন' সহ একাধিক কাউন্টারকে আর্থিক জরিমানা করা হয়।এদিকে জরিমানার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিবহন শ্রমিকেরা। ভূরুঙ্গামারী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের নির্দেশে দূরপাল্লার বাসগুলো সড়কের ওপর আড়াআড়িভাবে রেখে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের অভিযোগ, পরিবহন সংশ্লিষ্ট বা তাদের (শ্রমিক ইউনিয়ন) সাথে কোনো ধরনের কথা না বলেই প্রশাসন একতরফাভাবে এই জরিমানা আদায় করেছে। আলোচনা না করে এভাবে জরিমানা করার প্রতিবাদেই তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন। তবে অভিজ্ঞদের মতে, কাউকে জানিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার কোনো বিধান নেই। ব্যস্ততম এই সড়কে দূরপাল্লার বাস দিয়ে অবরোধ তৈরি করায় রাস্তার দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। ফলে সাধারণ যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে।