শ্রী রামকৃষ্ণ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি নাগেশ্বরী, কুড়িগ্রাম  সময়ের সাথে প্রতিদিন টিভি

প্রকাশ: ২৯ মে ২০২৬ কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা শহরের একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে ঈদুল ফিতরের শিক্ষা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ত্যাগ ও সহমর্মিতা, যা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে।প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর জনাব মোঃ আজিজুর রহমান সরকার দেশ ও সমাজের সার্বিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়া ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি মানবিক সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল মান্নান মিয়া। সভাপতির বক্তব্যে তিনি উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং সংগঠনের চলমান সামাজিক ও সেবামূলক কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।উৎসবমুখর পরিবেশে আয়োজিত পুনর্মিলনী শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।