শ্রী রামকৃষ্ণ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি নাগেশ্বরী কুড়িগ্রাম। 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকালে উৎসবমুখর পরিবেশে সদর ইউনিয়নের সর্বস্তরের মুসল্লিরা এই ঈদগাহ ময়দানে কাতারবন্দি হয়ে ঈদের নামাজ আদায় করেন।নামাজ শুরুর আগে ২৫ কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সাথে তিনি অত্যন্ত চমৎকারভাবে মুসল্লিদের উদ্দেশ্যে কুরবানি ও ঈদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসআলা-মাসায়েল স্মরণ করিয়ে দেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি সাধারণ মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করেন।নামাজ শেষে ঈদগাহ কমিটির সার্বিক কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়। কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ মেম্বার গত ঈদুল ফিতরের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছতার সাথে উপস্থিত মুসল্লিদের সামনে উপস্থাপন করেন।এবারের ঈদের জামাত সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে মাঠের ডেকোরেশন এবং কালেকশনের (তহবিল সংগ্রহ) দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল মজিদ এবং সাবেক মেম্বার জনাব আজিজুল ইসলাম। তাদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় পুরো আয়োজনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।