শ্রী রামকৃষ্ণ রায় ভ্রাম্যমান প্রতিনিধি | ২৫ মে ২০২৬, সোমবার
কুড়িগ্রামে আজ বিকাল ৫টার দিকে শহরের ইউসিবি ব্যাংক সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটিতে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিস কর্মীদের তাৎক্ষণিক ও দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে হঠাৎ করেই ইউসিবি ব্যাংক সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট মাত্র ৩-৪ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়।ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টার কারণে আগুন পার্শ্ববর্তী ব্যাংক ভবন, দোকানপাট বা অন্য কোনো স্থাপনায় ছড়িয়ে পড়তে পারেনি। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা রওনা দেই। বৈদ্যুতিক খুঁটিতে আগুন খুব বিপজ্জনক। দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারলে পুরো এলাকায় বিদ্যুৎ বিপর্যয় এবং বড় অগ্নিকাণ্ডের ঝুঁকি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয়রা ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। সময়মতো ব্যবস্থা না নিলে এটি একটি ভয়াবহ দুর্ঘটনায় রূপ নিতে পারত বলে মনে করছেন তারা।
