বিশেষ প্রতিনিধি নেত্রকোণার বারহাট্টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সহধর্মিনী উম্মুল মোমেনীন হযরত আয়েশা (রা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (১৩ মে ২০২৬) গাজী মুহাম্মাদ আব্দুর রহীম নামে এক ব্যক্তি বারহাট্টা থানায় এ অভিযোগ দায়ের করেন। তিনি নেত্রকোণা শহরের বড়বাজার পশ্চিম এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত অয়ন কান্ত রায় নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডি Aion Kantay Roy থেকে মহানবী (সা.)-এর সহধর্মিনী হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট প্রকাশ করেন। অভিযোগকারী দাবি করেন, ওই পোস্ট মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং সমাজে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতে পারে।

অভিযোগকারী আরও জানান, পোস্টটি দেখে তিনি মর্মাহত ও ক্ষুব্ধ হন। পরে স্থানীয় কয়েকজন সাক্ষীকে বিষয়টি অবগত করে অভিযুক্তের পরিচয় সংগ্রহের পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে সাক্ষী হিসেবে আব্দুল মোতালিব খান, আনোয়ার হোসেন ও মোহাম্মদ তরিকুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইনচার্জের কাছে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।