নিজস্ব প্রতিবেদক, জামালপুর

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ আমবাড়িয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, মোঃ হযরত আলীসহ কয়েকজন ব্যক্তি জোরপূর্বক একটি জমি দখলের চেষ্টা চালান। এ সময় তারা প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালিয়ে কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করেন এবং অন্তত একটি বসতঘরে আগুন ধরিয়ে দেন।

ভুক্তভোগীরা জানান, ঘটনার সময় তাদের পরিবারের সদস্যরা মোবাইল ফোনে ভিডিও ধারণের চেষ্টা করলে হামলাকারীরা তা কেড়ে নেয়। এ সময় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েন স্থানীয় সাংবাদিক মোঃ লিটন রাজ। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগানোর দৃশ্য ধারণ করতে গেলে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে।

এ ঘটনায় এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিরাপত্তার কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক বলে জানিয়েছেন স্থানীয়রা।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।