ইমরান হোসেন :জেলা প্রতিনিধি, নেত্রকোনা

সময়ের সাথে প্রতিদিন

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় একটি ট্রাঙ্কের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্ত করা হলে জানা যায়, নিহত নারী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা ডলি আক্তার।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল বৃহস্পতিবার শ্রীবরদীর একটি সড়কের পাশ থেকে সন্দেহজনক অবস্থায় একটি ট্রাঙ্ক উদ্ধার করা হয়। ট্রাঙ্কটি খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত এক নারীর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই তদন্তে নামে পিবিআই জামালপুর। তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩ এপ্রিল শুক্রবার সকালে মরদেহ বহনকারী একটি পিকআপ ভ্যান শনাক্ত করা হয়। পরে ওই পিকআপটি জব্দ করা হয় এবং এর চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহত ডলি আক্তার মোহনগঞ্জ উপজেলার আলাল মিয়ার মেয়ে বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মো. শফিকুল ইসলাম শফিক মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে এ নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।