ইমরান হোসেন :সময়ের সাথে প্রতিদিন নেত্রকোনা জেলা প্রতিনি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক প্রতিবেশীর ঘরের বিছানা থেকে অংকিত বর্মন (৩) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেল আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বরান্তর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অংকিত বর্মন ওই গ্রামের সাগর বর্মনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, অংকিতের বাবা সাগর বর্মন ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত। শিশুটির দাদি বিশু রানি বর্মন নাতিকে দেখাশোনা করতেন। গত মঙ্গলবার দাদির সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি বরান্তরে আসে অংকিত।
সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশুটি। এ সময় পরিবারের অন্য সদস্যরা কাজের প্রয়োজনে বাইরে ছিলেন এবং দাদিও পাশের একটি বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে নাতিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে বাড়ির পাশেই অংকিতের বাবার মামাতো ভাই সুকুমার বর্মনের ঘরের বিছানায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পান।
স্বজনরা দ্রুত অংকিতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বরান্তর বাজারে এবং পরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের চাচা সোহাগ বর্মন বলেন, “আমরা এই ঘটনায় হতবাক। বাড়ির পাশেই কাজ করছিলাম। মা (দাদি) অংকিতকে রেখে পাশের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে সুকুমার বর্মনের ঘরে তার গলাকাটা লাশ পাওয়া যায়। আমরা এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
