ইমরান হোসেন, নেত্রকোনা জেলা প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন।
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে মাদক সেবনের আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌরশহরের দৌলতপুর এলাকায় এ অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এ সময় মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—দৌলতপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মো. সানোয়ার হোসেন (২৯), নওহাল এলাকার আক্কাস মিয়ার ছেলে প্রান্ত মিয়া (২২), টেংগাপাড়া এলাকার মিন্টু ভুঁইয়ার ছেলে মো. পাপন ভুঁইয়া (২২) এবং বারহাট্টা উপজেলার আলোকদিয়া এলাকার মৃত মজিদ মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাণিজ্যিক এলাকা হওয়ায় মোহনগঞ্জ পৌরশহরে মাদকসেবীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধও বেড়ে যাচ্ছে। এসব অপরাধ দমনে মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করে সোমবার (৩০ মার্চ) সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
