ইমরান হোসেন নেত্রকোণা জেলা প্রতিনিধি, সময়ের সাথে প্রতিদিন

নেত্রকোণা সদর উপজেলার হাটখলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ করা প্রায় সাড়ে ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্স ব্যতীত অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অপরাধে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী জহিরুল হক বকুল, যিনি মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের মালিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলমান জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে অধিক মুনাফার লোভে ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিজেল মজুদ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার গুদাম ঘরে ড্রামভর্তি সাড়ে ৩ হাজার লিটার ডিজেল পাওয়া যায়।

লাইসেন্স না থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খুচরা বিক্রির সত্যতা পাওয়ায় ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুদকৃত সব তেল জব্দ করা হয়।

এ বিষয়ে নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করার কোনো সুযোগ নেই। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।