নিজস্ব প্রতিবেদ জামালপুর জেলা।

জামালপুরের মেলান্দহ উপজেলার ১১নং শ্যামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সরকারি বালু আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: শহিদুল হক ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি বালু রাতের আঁধারে উত্তোলন করে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। এতে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে বলে দাবি এলাকাবাসীর।

এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। বিষয়টি নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, রাতের বেলায় ট্রাকযোগে বালু উত্তোলন ও সরবরাহ করা হয়। তবে প্রশাসনের নজরদারি বাড়ানো হলে এ ধরনের কার্যক্রম বন্ধ করা সম্ভব বলে তারা মনে করেন।

এ বিষয়ে অভিযুক্ত মো: শহিদুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।