ইমরান হোসেন নেত্রকোনা প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে সুদিন সরকার (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর একটার দিকে উপজেলার চাকুয়া গ্রামের নলসিটি হাওরে এ ঘটনা ঘটে।
নিহত সুদিন সরকার উপজেলার চাকুয়া গ্রামের মৃত রাজেন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির সামনে নলসিটি হাওরে গরু নিয়ে ঘাস খাওয়াতে যান সুদিন সরকার। দুপুরের দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় গরু নিয়ে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করছিলেন তিনি। তখন আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে আশপাশে থাকা কৃষকেরা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে আহত অবস্থায় সুদিন সরকারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিহতের বাড়িতে যান। এ সময় সৎকারের জন্য নিহতের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি পরিবারের জন্য শুকনো খাবারও বিতরণ করা হয়।
