ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: সাধারণ শ্রমিকদের বৈধভাবে কেনা গাড়ি চলাচলে বাধা প্রদান, অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এবং নেতৃবৃন্দের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীতে জরুরি সংবাদ সম্মেলন করেছে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (উপ-কমিটি), ধনবাড়ী শাখা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন বলেন, "শ্রমিকদের অধিকার রক্ষা এবং পরিবহণ খাতে শৃঙ্খলা বজায় রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সম্প্রতি আমাদের ১০ জন সাধারণ শ্রমিক মিলে একটি গাড়ি ক্রয় করে এই রোডে চলাচলের ব্যবস্থা করেন। কিন্তু একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল বিষয়টি মেনে নিতে না পেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা ও বাধার সৃষ্টি করে।"<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F3834587390181751%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

গত রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, "গাড়ি চলাচলে বাধার এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ওই কুচক্রী মহলটি গাড়ির মালিক পক্ষের টাকা লুট ও আত্মসাৎ করার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলছে।"

অর্থ আত্মসাতের অভিযোগটি সরাসরি নাকচ করে দিয়ে তিনি স্পষ্ট করে বলেন, "মালিকদের টাকা লুট বা আত্মসাতের প্রশ্নই ওঠে না। নিয়মানুযায়ী মালিকদের টাকা সম্পূর্ণ আলাদাভাবে জমা রাখা হয় এবং প্রতি ঈদের সময় তারা সেই জমানো টাকা নিজেদের মধ্যে বণ্টন করে নেন। মিথ্যা তথ্য ছড়িয়ে আমাদের বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হচ্ছে, তা আদৌ সত্য নয়।"

অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, "প্রকৃত সত্য গোপন করে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে আমাদের বিরুদ্ধে বানোয়াট ও মানহানিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। সাধারণ শ্রমিক ও সংগঠনের সম্মানহানি করাই এই গোষ্ঠীর মূল লক্ষ্য। কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখা যাবে না। আমরা সত্য ও ন্যায়ের পথে থেকে শ্রমিক ভাইদের পাশে আছি এবং থাকবো।"

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সরেজমিনে তদন্ত করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য উন্মোচনের আহ্বান জানান। একইসঙ্গে ষড়যন্ত্রকারীদের অবিলম্বে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (উপ-কমিটি), ধনবাড়ী শাখার সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, সহ-যুগ্ম সম্পাদক রুকুজ্জামান, বাস শ্রমিক ইউনিয়ন নেতা আক্তার হোসেন, আরিফ হোসেন প্রমুখ।