নিজস্ব প্রতিবেদক সময়ের সাথে প্রতিদিন। সরিষাবাড়ী (জামালপুর) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক এম এ লতিফ। তিনি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মরহুম বেলায়েত আলীর সন্তান।

দীর্ঘদিন ধরে স্থানীয় সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এম এ লতিফ তার প্রার্থিতার কথা জানিয়ে বলেন, “জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার প্রধান অঙ্গীকার। পোগলদিঘা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে পরিণত করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে আমি ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

চেয়ারম্যান নির্বাচিত হলে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, কৃষকদের সার্বিক সহায়তা প্রদান এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি অগ্রাধিকার দেবেন। এছাড়া, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোগলদিঘা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদের আনন্দ সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও সুখ বয়ে আনুক—এই কামনা করছি। ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণই আমার একমাত্র কাম্য।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা ও সবসময় সাধারণ মানুষের পাশে থাকার কারণে এম এ লতিফ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন শক্তিশালী ও সম্ভাবনাময় প্রার্থী হিসেবে ইতোমধ্যেই ব্যাপক আলোচনায় এসেছেন।