ইমরান হোসেন নেত্রকোনা জেলা প্রতিনিধি
সময়ের সাথে প্রতিদিন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— কলমাকান্দা উপজেলার নাজিরপুর গ্রামের মো. মহরম আলী (২৫) ও মো. সফিকুল ইসলাম (২৪)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় মহরম আলী ও সফিকুল ইসলামের ঘরে তল্লাশি চালিয়ে সাদা রঙের প্লাস্টিক বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো পোটলা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে। জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
