নিজস্ব প্রতিবেদক সময়ের সাথে প্রতিদিন
ময়মনসিংহের ভালুকা থানা এলাকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ। রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে ডিবি। এরই ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে ভালুকা থানাধীন ডুবালিয়াপাড়া এলাকায় অবস্থিত পাইওনিয়ার ফ্যাক্টরি-এর উত্তর প্রজেক্টর গেইট সংলগ্ন একটি চায়ের দোকান থেকে মোঃ বাবলু মিয়া (২৪) নামের এক আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত বাবলু মিয়া ডুবালিয়াপাড়া (পাইওনিয়ার ০১ নং গেইট সংলগ্ন), জামিরদিয়া, স্কয়ার মাস্টারবাড়ী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ সাইফুল ইসলাম এবং মাতা মৃত লাইলী খাতুন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছেন, ঘটনার দিন বাবলু মিয়া ফ্যাক্টরির গেইটে লোক জড়ো করার মূল ভূমিকা পালন করে। তিনি প্রথমে গেইটে লোক সমবেত করে স্লোগানের মাধ্যমে জনতাকে উত্তেজিত করেন। পরে দীপু চন্দ্র দাসকে গেইটের সামনে মারধর করে হত্যা এবং মরদেহ স্কয়ার মাস্টারবাড়ী মেইনরোডে নিয়ে যাওয়ার ঘটনায়ও তিনি সক্রিয়ভাবে সহযোগিতা করেন বলে পুলিশ জানায়।
পুলিশ আরও জানায়, এ পর্যন্ত এই হত্যা মামলায় মোট ২৩ জন আসামীকে গ্রেফতার করেছেন। এর মধ্যে ১১ জন আসামী আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
