নিজস্ব প্রতিবেদক ধনবাড়ী (টাঙ্গাইল)  টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নে বংশাই নদী খননের মাটি অবৈধভাবে বিক্রির মহোৎসব চলছে। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে স্থানীয় একটি প্রভাবশালী চক্র ভেকু (এক্সক্যাভেটর) দিয়ে নদীর পাড় ও খননকৃত মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে। এতে একদিকে যেমন পরিবেশ ও জনপদ মারাত্মক হুমকির মুখে পড়ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে গ্রামীণ পাকা রাস্তাঘাট।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিখেকো এই চক্রটি অত্যন্ত সংঘবদ্ধ। লোকচক্ষুর আড়ালে থাকার জন্য তারা মূলত রাতের আঁধারে এবং খুব ভোরে যদুনাথপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ভেকু বসিয়ে নদীর পাড়ের মাটি কাটে। এরপর ভারী ড্রাম ট্রাক ও ট্রাক্টরযোগে এই মূল্যবান মাটি চড়া দামে সরবরাহ করা হয় আশপাশের বিভিন্ন ইটভাটায়।

তীব্র নদীভাঙনের আতঙ্ক: অব্যাহতভাবে নদীর পাড় ও বাঁধের মাটি সরিয়ে ফেলায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তীরবর্তী এলাকার মানুষ। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বাঁধ ও পাড় দুর্বল করে ফেলায় আসন্ন বর্ষা মৌসুমে এলাকাটিতে তীব্র নদীভাঙন দেখা দেবে। এর ফলে সাধারণ মানুষের বসতবাড়ি ও বিস্তীর্ণ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা: এদিকে, ধারণক্ষমতার অতিরিক্ত ওজনের মাটিবাহী ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিনরাত চলাচলের কারণে যদুনাথপুর ইউনিয়নের গ্রামীণ পাকা রাস্তাগুলোর বেহাল দশা সৃষ্টি হয়েছে। রাস্তার কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ধুলোবালিতে একাকার এই রাস্তাগুলো এখন সাধারণ মানুষের চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে, যা নিত্যদিনের দুর্ভোগ বাড়িয়েছে।

প্রভাবশালী চক্র জড়িত থাকায় সাধারণ মানুষ ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না। নদী, ফসলি জমি, বসতবাড়ি ও গ্রামীণ রাস্তাঘাট রক্ষায় অনতিবিলম্বে স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।