সালমান আহম্মদ :স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন। 

উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া মোড় এলাকায় জমিতে টয়লেটের ময়লা ও পানি যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল প্রায় ১১টার দিকে চিথোলিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, চিথোলিয়া মোড় এলাকার শফিক ডাক্তার ও তার সমর্থকদের সঙ্গে সালাম মিয়া ও তার সমর্থকদের দীর্ঘদিন ধরে টয়লেটের ময়লা ও পানি জমিতে যাওয়া নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।