শ্রীরামকৃষ্ণ রায়,ভ্রাম্যমাণ প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন।
কুড়িগ্রামের কচাকাটা থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৪২৭ পিস কথিত ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক দুই ঘটনায় তিনজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণপুর ইউনিয়নের বাহারের ঘাট এলাকায় অভিযান চালায় কচাকাটা থানা পুলিশ। স্থানীয় জনগণ ও মাদক নির্মূল কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি তাদের কাছে থাকা দুই প্যাকেট ইয়াবা ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে দুই প্যাকেট থেকে ২০০টি করে মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়। পুলিশ জানায়, স্থানীয় একজন পলাতক ব্যক্তির পরিচয় মোঃ জয়নাল আবেদিন (৪২), পিতা-মৃত ইনছাব আলী, সাং-চেয়ারম্যানপাড়া কালারচর, ইউনিয়ন-নারায়ণপুর, থানা-কচাকাটা, জেলা-কুড়িগ্রাম হিসেবে শনাক্ত করেন। অপর ব্যক্তিকে পেছন থেকে চিনতে না পারায় তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় জয়নাল আবেদিনসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। এরপর ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ-চেয়ারম্যানপাড়া এলাকায় পলাতক আসামি মোঃ জয়নাল আলীর বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় জিয়া মিয়া (৩২) ও সাজ্জাদ হোসেন (২৬)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় মোঃ জয়নাল আলী (৫০), পিতা-মৃত মনছার আলী, সাং-চেয়ারম্যানপাড়া, ইউনিয়ন-বল্লভেরখাস, থানা-কচাকাটা, জেলা-কুড়িগ্রাম পালিয়ে যায়। গ্রেপ্তার জিয়া মিয়া মাদারগঞ্জ কাচারীপাড়া এলাকার মোঃ জয়নাল মিয়ার ছেলে এবং সাজ্জাদ হোসেন মাদারগঞ্জ এলাকার মোঃ সাইফুর রহমানের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, দুই অভিযানে মোট ৪২৭ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এসব ঘটনায় পৃথক মামলা রুজুর প্রক্রিয়া চলছে। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাসের নেতৃত্ব ও সার্বিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
