কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের হিসাবরক্ষক ইসমাইল হোসেনের ওপর মুক্তিযোদ্ধা আলম মন্ডল কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। রোববার (৭ আগস্ট) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের ২য় তলায় হিসাবরক্ষকের নিজ কক্ষে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। স্থানীয় ও ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত দুই বীর মুক্তিযোদ্ধার দাফন-কাফনের অনুদানের ইস্যুকৃত নতুন চেক হস্তান্তরের সময় বীর মুক্তিযোদ্ধা আলম মণ্ডল ক্ষিপ্ত হয়ে হিসাবরক্ষক ইসমাইল হোসেনের রুমে প্রবেশ করেন। সেখানে তিনি ইসমাইল হোসেনকে উদ্দেশ্য করে অশালীন গালিগালাজ করেন এবং সাত দিনের মধ্যে বদলি করার হুমকি দেন। এ সময় হিসাবরক্ষক প্রতিবাদ জানালে আলম মণ্ডল হাতে থাকা কনুই লাঠি (ক্রাচ) দিয়ে তার ঘাড়ে দুটি আঘাত করেন। ঘটনাটি প্রত্যক্ষ করেন অফিসে উপস্থিত স্টাফ রোজিনা ও মনিরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার উক্ত দুই মৃত মুক্তিযোদ্ধার নামে চেক গ্রহণ করেছিলেন। তবে তিনি বর্তমানে প্যারালাইজড ও মানসিক অসুস্থ থাকায় চেক দুটির কোনো হদিস পাওয়া যায়নি। ফলে আগের চেক দুটি বাতিল করে ইউএনও নতুন চেক ইস্যু করেন। হামলার সময় ইউএনও ডিলার পয়েন্টে সার বিক্রি পরিদর্শনে মাঠে ছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত আক্রান্ত হিসাবরক্ষককে সুরক্ষার জন্য ডাকবাংলোয় থাকার নির্দেশনা দেন। ভুক্তভোগী হিসাবরক্ষক ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, "আলম মণ্ডল দীর্ঘদিন ধরেই অফিসে বা রাস্তায় দেখা হলে আমাকে কটু কথা বলে অপমান করতেন। আজ তিনি সরাসরি রুমে ঢুকে গালিগালাজের পর ক্রাচ দিয়ে আমাকে আঘাত করেছেন।" এলাকাবাসীর মতে, অভিযুক্ত আলম মণ্ডল ক্ষমতাসীন দলের সাবেক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। বিগত দিনগুলোতেও তিনি উপজেলা প্রকৌশলী ও ইউএনও অফিসে প্রভাব বিস্তার করে বিভিন্ন সুবিধা নিতেন এবং কারো সঙ্গে মতের মিল না হলেই হুমকি-ধামকি দিতেন। এমনকি এখনো প্রায় প্রতিদিন তিনি প্রকৌশলী ও ইউএনও অফিসে উপস্থিত থাকেন বিভিন্ন সুযেগ-সুবিধা পাওয়ার জন্য। ঘটনার পর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তার কার্যালয়ে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে কথা বলা হবে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি। এ সময় ইউএনও মহোদয়ের কক্ষে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি মো. আনোয়ারুল হক, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আলপ্তগীন স্বপন এবং উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাহফুজুল ইসলাম (কিরণ)। এ ঘটনার পর উপজেলা প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আতঙ্ক বিরাজ করছে।
সারাদেশ
ইউএনও কার্যালয়ে হিসাবরক্ষকের ওপর মুক্তিযোদ্ধা আলম মন্ডলের হামলা।
প্রতিবেদক
মোঃ আব্দুল মতিন (মুকুল)
08 September, 2026, 05:15 AM
এরকম আরও সংবাদ
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।
