নিজস্ব প্রতিবেদ্ক:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মমিনগঞ্জ ইউনিয়নের নামদানীটারী গ্রামে দীর্ঘদিনের জমিজমা বিরোধের জেরে এক সংখ্যালঘু পরিবারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও হত্যা করে লাশ গুমের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী শ্রী কৌশিক চন্দ্র সিংহ (৩২) এ ঘটনায় নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং- ২৪২, তারিখ: ০৫/০৯/২০২৬। জিডি ও মামলা সূত্রে জানা যায়, একই গ্রামের শ্রী জগন্নাথ সিংহ (৩৭), অর্জুন চন্দ্র সিংহ (২৮), শ্যামা প্রসাদ সিংহ (৫৬) ও শ্রীমতি দীপ্তি রানী (৩০) এর সাথে কৌশিক চন্দ্র সিংহের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের প্রতিকার চেয়ে কৌশিক গত ০১/০৯/২০২৬ তারিখে বিজ্ঞ আমলী আদালত, নাগেশ্বরী, কুড়িগ্রামে 'ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩' ও দণ্ডবিধি ৫০৬(২) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- সি.আর- ৩৩০/২৬ (নাগেশ্বরী)। এই মামলার জেরেই ঘটে আজকের ঘটনা। অভিযোগে বলা হয়, আজ ৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে আদালত থেকে জারি করা সমন নিয়ে জারিকারক ভুক্তভোগীর বাড়িতে আসেন। সমন আসার খবর পেয়ে ১ নং আসামীসহ অন্যান্য আসামীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কৌশিকের বাড়িতে অনধিকার প্রবেশ করে দফায় দফায় হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এতে বসতবাড়ির টিনের বেড়া ভেঙে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করা হয়েছে। শুধু ভাঙচুরই নয়, এসময় প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। মামলা তুলে না নিলে কৌশিককে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে বলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে অভিযুক্তরা। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় শ্রীমতী সাবেত্রী রানী (৫৮) ও আদালতের নোটিশ প্রদানকারী মোঃ আবু বক্কর (৪৩) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে জিডিতে। তাদের সামনেই এ হুমকি দিয়ে চলে যায় বিবাদীরা। এ বিষয়ে ভুক্তভোগী কৌশিক চন্দ্র সিংহ বলেন, "আমি আইনের আশ্রয় নেওয়ায় ওরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমার পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি। প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চাই।" নাগেশ্বরী থানা সূত্রে জানা গেছে, জিডির বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
